লাইফস্টাইল

রাতে ভালো ঘুমের জন্য পান করুন ভেষজ চা

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা যেন নিত্যসঙ্গী। কাজের চাপ, মোবাইল স্ক্রিনে দীর্ঘ সময় কাটানো, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে অনেকেই ঠিকমতো ঘুমাতে পারেন না। অথচ পর্যাপ্ত ও গভীর ঘুম না হলে ওজন বৃদ্ধি, উদ্বেগ, অবসাদ এমনকি হৃদ্‌রোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে।

তাই চিকিৎসকেরা সাধারণত সন্ধ্যার পর চা-কফি কম খাওয়ার পরামর্শ দেন। তবে মজার বিষয় হলো-কিছু নির্দিষ্ট ভেষজ চা আছে, যা রাতে ঘুমানোর আগে পান করলে উল্টো উপকারই মেলে। এগুলো মানসিক চাপ কমায়, শরীরকে শিথিল করে এবং স্বাভাবিকভাবে ঘুম আনতে সাহায্য করে।

১. গ্রিন টিঅ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে ক্যাফেইনের মাত্রা তুলনামূলক কম, তাই পরিমিত পরিমাণে রাতে পান করলে ঘুমের তেমন সমস্যা হয় না। বরং গ্রিন টি মানসিক চাপ কমাতে সহায়তা করে এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে।

এই চা শরীরের মেটাবলিজম রেট বাড়ায়, ফলে ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। একই সঙ্গে এটি ডিটক্স পানীয় হিসেবেও পরিচিত-শরীরের দূষিত পদার্থ বের করে দিতে সহায়ক। ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও গ্রিন টি উপকারী। তবে ঘুমের আগে খুব গাঢ় না করে হালকা গ্রিন টি পান করাই ভালো।

২. আদা চাঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে এক কাপ আদা চা শরীরকে শিথিল করতে পারে। আদা হজমশক্তি বাড়ায় এবং পেটের অস্বস্তি কমায়,যা ভালো ঘুমের জন্য জরুরি।দিনভর মানসিক চাপ বা অস্থিরতা থাকলে আদা চা তা কমাতে সহায়ক হতে পারে। উষ্ণ এই পানীয় শরীরের ভেতর আরামদায়ক অনুভূতি তৈরি করে, ফলে ঘুম সহজে আসে। বিশেষ করে যাদের বদহজম বা গ্যাসের সমস্যা রয়েছে, তাদের জন্য এটি বেশ উপকারী।

৩. জিরার চাগভীর ও নিরবচ্ছিন্ন ঘুমের জন্য জিরার চা চমৎকার কাজ করে। এটি তৈরি করতে ১ চা চামচ জিরা হালকা আঁচে গরম করে এক কাপ পানিতে ফুটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে ছেঁকে নিতে পারেন।

জিরার মধ্যে মেলাটোনিন এবং আয়রন-ম্যাগনেসিয়ামের মতো উপাদান থাকে যা ঘুমের হরমোনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি এটি হজমশক্তি উন্নত করে এবং পেট ঠান্ডা রাখে যা আরামদায়ক ঘুমের জন্য গুরুত্বপূর্ণ।

কখন খাবেনযাদের ঘুমের সমস্যা রয়েছে, তারা রাতে শোবার অন্তত ১ ঘণ্টা আগে এই তিন ধরনের চায়ের যেকোনো একটি পান করে দেখতে পারেন। তবে অতিরিক্ত পান না করে পরিমিত মাত্রায় গ্রহণ করাই শ্রেয়।

নিয়মিত ঘুমের সময় ঠিক রাখা, মোবাইল স্ক্রিন এড়িয়ে চলা এবং হালকা খাবার খাওয়ার অভ্যাসের সঙ্গে যদি এই ভেষজ চাগুলো যোগ করা যায়, তাহলে সহজেই মিলতে পারে শান্ত ও গভীর ঘুম।

সূত্র: হিন্দুস্তান টাইমস, হেলথলাইন ও অন্যান্য

আরও পড়ুন: ঘুম গভীর করতে চাইলে এই অভ্যাসের চর্চা করুনকিবোর্ডে টাইপ করলে হাতে ব্যথা? হতে পারে ডিস্টোনিয়া

এসএকেওয়াই/এমএস