দেশজুড়ে

সিমাগো র‌্যাংঙ্কিংয়ে গবেষণায় দেশ সেরা বেরোবি

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনের র‌্যাংঙ্কিং অনুযায়ী গবেষণায় দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

সিমাগো ইনস্টিটিউশন বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা ২০২৬ সালের র‌্যাংঙ্কিং প্রকাশ করেছে। দেশভিত্তিক র‌্যাংঙ্কিংয়ের তথ্য মতে, ঢাবি, রাবি, জাবি, চবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

২০২৫ সালের রাংকিং অনুযায়ী বেরোবির অবস্থান ছিল সপ্তম।

সিমাগোর ওয়েবসাইটের তথ্য মতে, গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন এই তিনটি সূচকের ফলাফল পর‌্যাংলোচনা করে র‌্যাংঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাংংকিং ও একসঙ্গে মিলিয়ে সার্বিক র‌্যাংঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাংঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ ও সামাজিক প্রভাবে ২০ শতাংশ ওয়েট দিয়ে থাকে।

র‌্যাংঙ্কিংয়ের তথ্য ঘেঁটে দেখা গেছে, এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তিন ক্যাটাগরিতে সার্বিক অবস্থানে বেরোবি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ অবস্থানে হলেও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গবেষণায় প্রথম স্থান দখল করেছে বেরোবি, ৪র্থ অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ১১তম অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি।

এ বিষয়ে বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পাওয়া ও বেরোবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, গবেষণা হলো একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিকটাকে গুরুত্ব দিচ্ছে ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে কীভাবে একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করা যায় সে চেষ্টা সবসময় অব্যাহত থাকবে।

বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, গবেষণার ক্ষেত্রে আমরা একটি উল্লেখযোগ্য স্থান অর্জন করেছি। এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আমরা শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করতে নিয়মিত গবেষণা অনুদান প্রদান করছি। আগে যেখানে গবেষণা প্রেজেন্টেশন অনলাইনে অনুষ্ঠিত হতো, এখন আমরা তা অফলাইনেও আয়োজন করছি।

তিনি আরও বলেন, এই অর্জন কোনো একক ব্যক্তির নয়, এটি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের প্রিয় আবু সাঈদের যে স্বপ্ন ছিল, এই বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলার, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মো. আজিজুর রহমান/এমএন/এমএস