হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- মো. বিল্লাল হোসেন (৪২), সজীব সরদার (২১), শাহেলা পারভীন (৪০), মো. নজরুল ইসলাম (২৬), সোহরাব হোসেন (৩২), নাজমুল হোসেন দিপু (২৮) ও তিনজন কিশোর অপরাধী।
হাজারীবাগ থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজি, হানিট্রাপ ও মাদক সেবন অপরাধে জড়িত নয় জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
কেআর/এনএইচআর