জাতীয়

শাহজালালে আটকেপড়া যাত্রীদের সেবায় হটলাইন চালু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী আটকেপড়া যাত্রীদের ২৪ ঘণ্টার সেবা দিতে ‘হটলাইন’ (১৬১৩৫) (টোল ফ্রি) চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এই প্রেক্ষাপটে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট গতকাল শনিবার থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বাতিল করা হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে অনিশ্চয়তায় ভুগছেন। আটকেপড়া যাত্রীদের ভোগান্তি লাঘবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আটকেপড়া অনেক যাত্রী থাকা-খাওয়ার সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাইলে মন্ত্রী জানান, তারা এ ধরনের অভিযোগ এখনো পাননি।

এমএমএ/ইএ