বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় শাস্তি পাচ্ছেন ৪ ক্রিকেটার। গত ২৬ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্ট জোন ও সেন্ট্রাল জোন। ইস্ট জোনের দেওয়া ২৩৮ রানের লক্ষ্য ২৭ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে সেন্ট্রাল জোন। ম্যাচের দুই ইনিংসেই আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইস্ট জোনের অধিনায়ক ইয়াসির আলি চৌধুরী রাব্বি।
এছাড়া একই দলের নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমনও আম্পায়ারিংয়ের সিদ্ধান্তে মেজাজ হারান। অসাদাচারণ করেছেন সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনও। ফলে প্রত্যেকেরই শাস্তি হয়েছে, তবে সবচেয়ে বড় শাস্তির মুখে পড়েছেন ইস্ট জোনের অধিনায়ক রাব্বি। বিসিবির আম্পায়ারস ডিপার্টমেন্টের ইনচার্জ ও আম্পায়ার এডুকেটর অভি আবদুল্লাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাস্তির বিস্তারিত জানিয়ে অভি বলেন, ‘রাব্বির (ইয়াসির আলী) ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। নাসুমের ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পারভেজ ইমনের ক্ষেত্রেও একই শাস্তি—৩০ শতাংশ ম্যাচ ফি এবং দুটি ডিমেরিট পয়েন্ট। আর সেন্ট্রাল জোনের অঙ্কনের ক্ষেত্রে ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।’
ঘটনার শুরু হয় প্রথম ইনিংসে রাব্বির আউটকে কেন্দ্র করে। ৩৪তম ওভারে সাইফ হাসানের বলে ছক্কা মারতে গিয়ে সীমানায় রকিবুল হাসানের হাতে ধরা পড়েন ৩৭ রান করা ইয়াসির রাব্বি। পরে ভিডিও রিপ্লে ও বিভিন্ন ফুটেজে দেখা যায়, ক্যাচ নেওয়ার সময় রকিবুলের পা সীমানা দড়ি স্পর্শ করেছিল। ফলে নিয়ম অনুযায়ী সেটি ছক্কা হওয়ার কথা থাকলেও টিভি আম্পায়ার না থাকায় মাঠের আম্পায়াররা আউট দিয়ে দেন। এটি নিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক করেন ইয়াসির।
পরের ঘটনাটি ঘটে দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোনের ব্যাটিংয়ের সময়। এবারও সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেন রাব্বিই। ইনিংসের ৩৩তম ওভারে মুশফিক হাসানের দ্বিতীয় বলে আরিফুলের বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন করে ইস্ট জোন। তবে তাতে আম্পায়ার সাড়া না দিলে রাগে-ক্ষোভে ফেটে পড়েন রাব্বি, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমনরা। ইমন তো এক পর্যায়ে মেজাজ হারিয়ে বল মাটিতে আছড়ে মারেন।
এসকেডি/আইএন