জাতীয়

যানজট ও বিশৃঙ্খলা কমিয়েছে নিউমার্কেটের নতুন ফুটওভার ব্রিজ

রাজধানীর ব্যস্ততম বিপণিবিতান এলাকা নিউমার্কেটে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুরাতন ফুটওভার ব্রিজ ভেঙে নতুনভাবে নির্মাণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির অর্থায়নে নির্মিত এই ব্রিজটি গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

রোববার (১ মার্চ) বিকেলে সরেজমিনে নিউমার্কেট এলাকায় দেখা যায়, অনেকেই ফুটওভার ব্রিজটি ব্যবহার করছেন।

দীর্ঘদিন ধরে নিউমার্কেট এলাকায় সড়ক পারাপার ছিল ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঈদ বা উৎসব মৌসুমে ক্রেতাদের ভিড়ে সড়কে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যেতো। আগে যেখানে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হতো, এখন ফুটওভার ব্রিজ চালু হওয়ায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে সড়ক পারা হতে পারছেন। এতে পথচারীদের পাশাপাশি যানবাহন চলাচলেও শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন এই ফুটওভার ব্রিজটি সরাসরি ঢাকা নিউ সুপার মার্কেট এবং গাউছিয়া মার্কেটের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ফলে এক মার্কেট থেকে অন্য মার্কেটে যেতে আর সড়ক পার হতে হচ্ছে না। ক্রেতারা সহজেই এক মার্কেট থেকে অন্য মার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারছেন, যা ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্যই ইতিবাচক প্রভাব ফেলবে।

ব্যবসায়ীরা বলছেন, এই ব্রিজ উদ্বোধনের ফলে দুই মার্কেটের ক্রেতা চলাচল আরও বাড়বে এবং কেনাকাটার পরিবেশ হবে স্বস্তিদায়ক। পথচারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নগর ব্যবস্থাপনায় এটিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সবাই।

নিউমার্কেটে কেনাকাটা করতে আসা রুমানা ইসলাম বলেন, এর আগেও কেনাকাটা করতে এসেছি। ফুটওভার ব্রিজ না থাকায় রাস্তা পারাপার করতে ঝুঁকি থাকতো। এখন ব্রিজ হয়ে যাওয়ায় স্বাচ্ছন্দ্যে একপার থেকে অন্যপারে যেতে পারছি।

ঢাকা নিউ সুপার মার্কেটের বিক্রেতা আফজাল হোসেন বলেন, ব্রিজ না থাকার কারণে ওপারের ক্রেতারা এপারে আসতে ঝামেলা মনে করতো। নারীরা রাস্তা পার হয়ে তেমন আসতে চাইতো না। এখন ক্রেতা সমাগম বাড়বে।

এনএস/এএমএ