খেলাধুলা

১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা বাধ্যতামূলক

জাতীয় দলের নির্বাচক প্যানেলে শূন্যতা পূরণে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুজন নির্বাচক নিয়োগের লক্ষ্যে বিজ্ঞাপন দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগ্রহীদের আগামী ৮ মার্চের মধ্যে জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া দুজনের মধ্যে একজন বসবেন প্রধান নির্বাচকের গুরুত্বপূর্ণ চেয়ারে।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচক পদে আবেদনের জন্য প্রার্থীদের ক্রিকেটীয় অভিজ্ঞতা হতে হবে বেশ সমৃদ্ধ। আবেদনকারীকে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে অন্তত ১০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। খেলার অভিজ্ঞতার পাশাপাশি প্রার্থীর বিচারিক ক্ষমতা, আধুনিক ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান এবং যোগাযোগের দক্ষতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত এই দুই কর্মকর্তা দুই বছরের মেয়াদে নিয়োগ পাবেন। তাদের প্রধান কাজ হবে জাতীয় দল এবং বাংলাদেশ ‘এ’ দলের জন্য সেরা স্কোয়াড গঠন করা। সেই সঙ্গে দেশের ক্রিকেটের পাইপলাইনে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর তীক্ষ্ণ নজর রাখাও হবে তাদের অন্যতম প্রধান দায়িত্ব।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। গতকাল (শনিবার) মেয়াদ শেষ হলেও বিসিবির অনুরোধে আরও এক মাস দায়িত্ব পালন করবেন তিনি। এ ছাড়া বিসিবি নির্বাচন করতে গত অক্টোবরে নির্বাচকের পদ ছাড়েন আব্দুর রাজ্জাকও।

এসকেডি/আইএন