প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কখনো কার্পণ্য করবেন না বলে জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদ সদস্য এসএম জিলানী।
সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসএম জিলানী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, গোপালগঞ্জ তার দেশেরই একটি জেলা। অন্য ৬৪ জেলার মতো সব সুযোগ-সুবিধা ভোগ করবে এই জেলা। গোপালগঞ্জ জেলার অধীনে টুঙ্গিপাড়া, কোটালীপাড়াতেও কোনো বৈষম্য থাকবে না। অন্য উপজেলার থেকে এখানে কোনো উন্নয়ন কর্মকাণ্ড কম থাকবে না। অনেকাংশে বেশি আসবে বলেছেন প্রধানমন্ত্রী।’
সরকারি কর্মকর্তাদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ জেলা নয়। তার মধ্যে টুঙ্গিপাড়া-কোটালীপাড়াও বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো উপজেলা নয়। অতএব, আপনাদের ভাববার কোনো কারণ ও মনে কোনো শঙ্কা আনার দরকার নেই যে, এখানে সঠিকভাবে কাজ হবে কি-না।’
এর আগে এমপি উপজেলা চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার ভূমি আল-আমিন হালদার, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআর/এএসএম