দেশজুড়ে

আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দুই পরিবার নিঃস্ব হয়েছে। ভুক্তভোগীদের দাবি, শত্রুতা করে কেউ আগুন দিয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (১ মার্চ) দিনগত মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া অর্জুনের দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে অর্জুন দাস ও তার ভাই উত্তম দাসের বসতঘরে সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও কোনো কিছু রক্ষা করা সম্ভব হয়নি।

সোমবার (২ মার্চ) সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, পোড়া ভিটায় ড্রামে ভরা ধান, আলমারিসহ দুই পরিবারের প্রয়োজনীয় সব জিনিসপত্র পড়ে আছে। ঘরের পাশে থাকা বড় বড় কয়েকটি গাছও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত অর্জুন কুমার দাস জানান, তাদের পূর্বমুখী ঘরের দক্ষিণ অংশে রাত পৌনে ১টার দিকে তিনি প্রথমে আগুন দেখে চিৎকার দেন। এতে পরিবারের অন্যদের ঘুম ভেঙে যায়। কোনোভাবে পরনের কাপড় নিয়ে সবার ঘর থেকে বের হন। এরপর মুহূর্তের মধ্যে তার ও তার ভাই উত্তম কুমার দাসের সব পুড়ে যায়।

ভুক্তভোগী উত্তম কুমার বলেন, ‌‘আমরা গরিব মানুষ। ধারদেনা করে মাত্র দুই বছর আগে দুই ভাই মিলে প্রায় আট লাখ টাকা খরচ করে ঘর করেছিলেন। এখন আগুন সব শেষ করে দিলো।’

তিনি দাবি করেন, তাদের ঘরে শত্রুতা করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম