খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৪ নম্বর দীঘিনালা ইউনিয়নের দুর্গম বানছড়া ও নোয়াপাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২ মার্চ) দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন উদ্যোগে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) মু. শায়খউদ্দীন সাকলাইন।
পাহাড়ের দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে আয়োজিত এ বিশেষ মেডিকেল ক্যাম্পে চার শতাধিক পাহাড়ি গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রবীর সুমন/এসআর/এমএস