দেশজুড়ে

টেন্ডার জমা নিয়ে বিএনপির দু’পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৫

মুন্সিগঞ্জ সদরে বাজারের ইজারা টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্স ও এর সামনের সড়কে এই সংঘর্ষে ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মুন্সিগঞ্জ সদর উপজেলার ৬টি বাজারের ইজারার দরপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ধলাগাঁও বাজারের ইজারার জন্য জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন টুটুলের পক্ষের লোকজন টেন্ডার জমা দিতে যান। একই সময় বিএনপি কর্মী রোমান দেওয়ান পক্ষের বাবু নামের এক ব্যক্তি টেন্ডার জমা দিতে গেলে টুটুল পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।

প্রাথমিক ধস্তাধস্তির পর উপজেলা কমপ্লেক্সের সামনের সড়কে দুই পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। এতে ৪-৫ জন আহত হন। পরে উপস্থিত পুলিশ সদস্য এবং বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি

এ বিষয়ে টুটুল পক্ষের তুষার আহমেদ শাকিল বলেন, টেন্ডার জমা দেওয়ার অধিকার সবার আছে। আমাদের জমা দেওয়ার সময় রোমান দেওয়ান বাবু বাঁধা দিয়েছে। এ নিয়েই ধস্তাধস্তি হয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, বাজারের ইজারা টেন্ডার জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুটা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরে নির্ধারিত সময় সবাই টেন্ডার জমাদান সম্পূর্ণ করেছেন বলে তিনি নিশ্চিত করেন।

শুভ ঘোষ/কেএইচকে/এএসএম