জাতীয়

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইনের

মধ্যপ্রাচ্যের চলমান উদ্ভূত প‌রি‌স্থি‌তিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আমিরাত, কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করে এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান খ‌লিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে আমাকে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন। তাদের সঙ্গে আমার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।’

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পৃথকভাবে টেলিফোন করেন। টেলিফোনে তারা চলমান সংকট সম্পর্কে এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তাদের দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবে গণ্য করেন।

তারা বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করেন এবং দেশগুলোর অর্থনীতিতে বাংলাদেশি অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

আরও পড়ুনমধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুইজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। তারা সাম্প্রতিক দিনগুলোতে তাদের দেশে সংঘটিত বিনা উসকানির আক্রমণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীরা বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

নিহত বাংলাদেশিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে মারা যাওয়া সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ রয়েছেন। তিনি নাগরিক স্থাপনায় আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাত ও মানামায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

কুয়েতে চারজন বাংলাদেশি—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান ও কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া ড্রোন হামলায় আহত হয়েছেন।

জেপিআই/এমআইএইচএস/বিএ