দেশজুড়ে

শিবচরে ৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মাদারীপুরের শিবচরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নানা অব্যবস্থাপনার কারণে ১২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, ৭ টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। এছাড়া দুই প্রতিষ্ঠানের মালিককে ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) বিকেলে শিবচর পৌর বাজারের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নানা অনিয়মের অভিযোগ থাকায় শিবচর পৌরবাজারের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতিমা মেহজাবীন। এসময় শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিল।

অভিযানে এইচ বি হসপিটাল, সেবা ডায়াগনস্টিক সেন্টার, সূর্য ডায়াগনস্টিক, সিটি ডায়াগনস্টিক, মেডিল্যাব ডায়াগনস্টিক, হলি ফ্যামিলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এবং হীরা পান্না চক্ষু হাসপাতালসহ মোট ৭টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়।

অভিযানের সময় ইউনাইটেড হাসপাতালের মালিক মো. মোস্তাক ও সেবা ডায়াগনস্টিকের স্বাস্থ্য সহকারী আব্দুস সালামকে সাতদিনের কারাদণ্ড প্রদান করেন।

এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়মের কারণে ১২টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেকটিকে ৫ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, স্বাস্থ্যসেবা অনিয়মসহ একাধিক কারণে ১২টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে জরিমানা করা হয়েছে। সিলগালা করা হয়েছে ৭টি এবং ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এনএইচআর/এএসএম