আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০২ মার্চ ২০২৬

 

নেতানিয়াহুর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরে ও দেশটির বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (২ মার্চ) আইআরজিসির গণসংযোগ বিভাগ এই দাবি করে।

কোথায় আছেন নেতানিয়াহু?

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, নেতানিয়াহু সোমবার বেইত শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করেছেন। নেতানিয়াহুর দপ্তরের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা অক্ষুণ্ণ রয়েছে ও তার বিরুদ্ধে হামলার দাবি ভিত্তিহীন।

যে কোনো মূল্যে নিজেকে রক্ষা করবে ইরান: নিরাপত্তা প্রধান

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এক্স-এ দেওয়া ইংরেজি পোস্টে লিখেছেন, আমরা যে কোনো মূল্যে নিজেদের ও ছয় হাজার বছরের প্রাচীন সভ্যতাকে তীব্রভাবে রক্ষা করবো। সেই সঙ্গে ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য শত্রুদের অনুতপ্ত করিয়ে ছাড়বো।

ইউরোপে গ্যাসের দাম বাড়লো প্রায় ৫০ শতাংশ

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন স্থগিত করার ঘোষণা দিয়েছে কাতার এনার্জি। আর তাতেই ইউরোপের পাইকারি বাজারে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

ইরানে হামলা ‘অন্তহীন যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সোমবার (২ মার্চ) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, বর্তমানে ইরানে যুক্তরাষ্ট্রের কোনো স্থলবাহিনী নেই। তবে মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন প্রয়োজন হলে যতদূর যাওয়ার দরকার, ততদূর যাবে- এমন মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘বোকামি করে’ কোনো পদক্ষেপ নেবে না।

যুক্তরাষ্ট্রের আরও ক্ষতির শঙ্কা আছে, জানালো পেন্টাগন

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের আরও বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে পেন্টাগন। সোমবার (২ মার্চ) মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানান।

মারা গেলেন খামেনির স্ত্রীও

মারা গেলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্বামীর সঙ্গে তিনিও আহত হয়েছিলেন।

কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আমিরের অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, পুতিন কাতারের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং রাশিয়া যেকোনো সমর্থন বা সাহায্য প্রদানে প্রস্তুত বলে জানিয়েছেন। এ জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন শেখ তামিম।

যুক্তরাষ্ট্রের ওপর হামলার পরিকল্পনা ছিল না ইরানের: পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনের কর্মকর্তারা স্বীকার করেছেন যে, মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা ইরানের ছিল না। রোববার (১ মার্চ) মার্কিন কংগ্রেসের স্টাফদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে এই স্বীকারোক্তি দেন পেন্টাগনের কর্মকর্তারা। বৈঠক সম্পর্কে জানেন এমন দুই ব্যক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।

কুয়েতের ‘ভুল গুলিতে’ ৩ মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: সেন্টকম

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এসএএইচ