জাতীয়

রাজধানীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

রাজধানীর শ্যামপুর থানার মীরহাজীরবাগ পাইপ রাস্তা এলাকায় লাকি আক্তার (১৬) নামে এক কিশোরী গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার একটি বাসা থেকে লাকি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এস আই) শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমরা মীরহাজারীবাগ পাইক রাস্তা এলাকার ওই বাসায় গিয়ে লাকি আক্তারে গলাকাটা মরদেহ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে স্বামী সজীব তার লাকি আক্তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

লাকি আক্তার ভোলা সদরের মো. হারুনুর রশিদের মেয়ে। তার স্বামী সজীব পেশায় লেগুনা চালক। লাকি আক্তার শ্যামপুরে স্বামীর সঙ্গেই থাকতেন।

কাজী আল-আমিন/ইএ