দেশজুড়ে

শরীয়তপুরে ভক্ত হত্যায় পীর গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফের ভক্ত জয়নাল সরদার হত্যার ঘটনায় পীর শাহীন নূরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) ভোরে উপজেলার সুরেশ্বর দরবার শরীফ এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত বছরের ২৪ অক্টোবর নড়িয়ার আটপাড়া এলাকার একটি ডোবা থেকে সুরেশ্বর দরবার শরীফের পীর সাইয়্যেদ শাহীন নূরীর ভক্ত জয়নাল সরদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। তদন্তে শাহীন নূরীর হত্যাকাণ্ডে জড়িত থাকার সত্যতা মেলে। পরে বুধবার ভোররাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার প্রমাণ মিলেছে। তার বাড়ি থেকে গাড়িতে করে মরদেহটি ফেলে আসা হয়। তাকে আদালতে পাঠানো হবে এবং রিমান্ড চাওয়া হবে।

বিধান মজুমদার অনি/এফএ