আন্তর্জাতিক

ইরানে হামলায় সহায়তা নিয়ে হোয়াইট হাউজ-স্পেনের পাল্টাপাল্টি বক্তব্য

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহায়তা করতে স্পেন রাজি হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। এর পরপরই হোয়াইট হাউজের এ দাবি প্রত্যাখ্যান করেছে স্পেন। খবর আল জাজিরার।

বুধবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানানোর একদিন আগেই ইরানে হামলায় আমেরিকা-ইসরায়েলকে সহায়তা করা ইস্যুতে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ক্যারোলাইন লেভিট বলেন, আমার ধারণা তারা ভালোভাবেই আমাদের প্রেসিডেন্টের বার্তা পেয়ে গেছে। গত কয়েত ঘণ্টায় আমি এটা বুঝতে পেরেছি যে তারা মার্কিন বাহিনীকে সাহায্য করতে রাজি হয়েছে।

এর পরপরই ইরানে হামলায় মার্কিন বাহিনীকে সহায়তা নিয়ে হোয়াইট হাউজের এ দাবি প্রত্যাখ্যান করেছে স্পেন সরকার। দেশটির এক স্থানীয় রেডিওকে স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ইরানে অযাচিত হামলা নিয়ে স্পেন সরকারের অবস্থান আগের মতোই আছে এবং এটা একটুও পাল্টায়নি।

দক্ষিণ স্পেনে যৌথভাবে পরিচালিত বিমান ও নৌঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার পর ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন। ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলাকে স্পেন এর আগে বেআইনি ও বেপরোয়া বলে নিন্দা জানায়।

আরও পড়ুন

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধারট্রাম্পের ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক এ সপ্তাহেই কার্যকর

এর আগে, এদিনই স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে বলেছিলেন, আমরা নিশ্চিতভাবে কারও দাস হবো না। কোনো হুমকি বরদাশত করবো না এবং নিজেদের মূল্যবোধের রক্ষা করবো।

এর আগে, বুধবার ভারতে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলে হামলার শিকার হয় ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা। ভোরে একটি সাবমেরিন থেকে চালানো টর্পেডো বা ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি ডুবে গেছে দাবি করা হয়।

পরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতেই ডুবেছে ইরানি যুদ্ধজাহাজটি।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি ইরানি যুদ্ধজাহাজ আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল। কিন্তু একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় সেটি ডুবে গেছে।

এএমএ