দেশজুড়ে

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের রাবার বুলেটে জেলে আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় বিএসএফের ছোড়া রাবার বুলেটে একজন আহত হয়েছেন। এসময় টহলরত স্পিডবোটের ধাক্কায় আরেকজন নিখোঁজ হন।

বুধবার (৪ মার্চ) দিনগত রাতে উপজেলার মনোহরপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

আহত জেলে মো. মোরশেদ মনোহরপুর গ্রামের মনিমুল ইসলামের ছেলে। নিখোঁজ জেলে একই গ্রামের চান মণ্ডলের ছেলে মো. ফকির।

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহা. আজম আলী জানান, বুধবার রাতে মোরশেদ ও ফকির পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এসময় বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে টহলরত স্পিডবোট দিয়ে তাদের নৌকায় ধাক্কা দিলে নৌকাটি উল্টে যায়। এসময় ফকির নদীতে পড়ে নিখোঁজ হন। আর রাবার বুলেটে আহত হন মোরশেদ।

পরে স্থানীয় জেলেরা আহত মোরশেদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে বিজিবি জানিয়েছে, আহত ও নিখোঁজ দুই জেলে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে চলে গিয়েছিলেন। এসময় বিএসএফের টহলদল তাদের ধাওয়া করলে স্পিডবোটের ধাক্কায় একজন আহত ও অপরজন নিখোঁজ হন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তির বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, তারা কাউকে আটক করেননি। ধারণা করা হচ্ছে, তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম