খেলাধুলা

কাতারে আর্জেন্টিনা-স্পেন ফাইনালিসিমা কি হবে? যা বলছে উয়েফা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কি কাতারের দোহায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ‘ফাইনালিসিমা’ ম্যাচটি হবে? স্বাভাবিকভাবেই অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা এখনো বহাল রেখেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

উয়েফা বৃহস্পতিবার জানিয়েছে, আগামী ২৭ মার্চ দোহায় এই ম্যাচের জন্য আপাতত বিকল্প কোনো ভেন্যু বিবেচনায় নেওয়া হচ্ছে না। অর্থাৎ কাতারেই ম্যাচটি আয়োজন করার চিন্তা উয়েফার।

দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের এই ম্যাচে সম্ভাব্যভাবে মুখোমুখি হতে পারেন দুই প্রজন্মের তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল।

উয়েফা ও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের যৌথ আয়োজনে ম্যাচটি হওয়ার কথা লুসাইল স্টেডিয়ামে, যেখানে অনুষ্ঠিত হয়েছিল ২০২২ বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনাল।

সেই ম্যাচে ফ্রান্সের সঙ্গে ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জিতে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ম্যাচটিতে মেসি করেছিলেন দুই গোল এবং কিলিয়ান এমবাপে করেছিলেন হ্যাটট্রিক।

উয়েফা জানিয়েছে, ম্যাচ আয়োজন নিয়ে স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে। আগামী সপ্তাহের শেষের দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে যদি নিরাপত্তা ঝুঁকি বেশি মনে হয়, তাহলে ম্যাচটি স্পেন বা ইউরোপের অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ দুই দলের অধিকাংশ ফুটবলারই ইউরোপে খেলেন।

‘ফাইনালিসিমা’র প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের জুনে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। সেই ম্যাচে ইতালিকে ৩–০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর বৈশ্বিক উত্তেজনার কারণে গত রোববার থেকে কাতার ফুটবল ফেডারেশন দেশের সব টুর্নামেন্ট ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এর মধ্যে ৩১ মার্চ আর্জেন্টিনার কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও হওয়ার কথা ছিল।

এমএমআর