দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে কয়েক দশক ধরে সক্রিয় জনপ্রিয় সঞ্চালক, নির্মাতা ও লেখক হানিফ সংকেত। বিশেষ করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে তিনি জয় করেছেন কোটি দর্শকের হৃদয়। এবার সেই দীর্ঘ সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন এই গুণী ব্যক্তিত্ব।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য হানিফ সংকেতের নাম ঘোষণা করা হয়।
রাষ্ট্রীয় এই স্বীকৃতির খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। এক আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে হানিফ সংকেত লিখেছেন, ‘সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে স্বাধীনতা পদকে ভূষিত করেছে। এই অর্জন আমার একার নয়। যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে-এই অর্জন তাদের সবার।’
এদিকে প্রিয় বন্ধুর এমন অনন্য অর্জনে আনন্দ প্রকাশ করেছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘বন্ধু, তোর স্বাধীনতা পদক প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইলো অনেক ভালোবাসা আর শুভকামনা।’
আরও পড়ুন:মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও প্রবাসীদের জন্য চিন্তায় আসিফ আকবর স্ক্রিনশট ভাইরাল, প্রথম প্রেমের স্মৃতি শেয়ার করলেন মিনার
দীর্ঘদিন ধরে সমাজসচেতনতামূলক বার্তা ও সুস্থ ধারার বিনোদনের মাধ্যমে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন হানিফ সংকেত। তার এই অর্জনে বিনোদন অঙ্গনের তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
এমএমএফ