জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের পদত্যাগ দাবি করেছে শাখা বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
রোববার (৮ মার্চ) ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক পুরান ঢাকার জগন্নাথ কলেজকে ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলেও পরবর্তীতে নানা রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়েছে।
ইউট্যাবের অভিযোগ, বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যৌথ আন্দোলনের ফল বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করেছে।
সংগঠনটি আরও অভিযোগ করে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে মনোযোগ না দিয়ে তিনি রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন এবং ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন।
এ অবস্থায় ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বর্তমান উপাচার্যের প্রতি অনাস্থা জানিয়ে তাকে দ্রুত সম্মানের সঙ্গে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। অন্যথায় সংগঠনটির পক্ষ থেকে তাকে সর্বাত্মক অসহযোগিতা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
টিএইচকিউ/এমআরএম