দেশজুড়ে

যশোর সীমান্তে জাল টাকাসহ যুবক আটক

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৫০০ টাকার ৮৬টি জাল নোটসহ হাসানুজ্জামান (৩০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার কায়বা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাসানুজ্জামান শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে হাসানুজ্জামানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৮৬টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

বিজিবি‘র অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/কেএইচকে/এএসএম