২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর আদাবরে জুবায়ের রাজীব নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ মার্চ) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম এ আদেশ দেন।
এদিন জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত চলমান থাকায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রোববার রাজধানীর আদাবর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আদাবর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল চলাকালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী সেখানে গুলি চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে জুবায়ের রাজীব নামে এক ব্যক্তি আহত হন।
ঘটনার প্রায় আড়াই মাস পর, একই বছরের ২৭ অক্টোবর ভুক্তভোগী জুবায়ের রাজীব বাদী হয়ে আদাবর থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
এমডিএএ/বিএ