গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইউনুস আলীসহ কয়েকজন নেতা স্থানীয় বানেশ্বর বাজারে রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমা সংক্রান্ত একটি বৈঠকে বসেন। এসময় পূর্ব পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে একদল ব্যক্তি কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায়।
এসময় হামলাকারীরা উপস্থিত নেতা-কর্মীদের এলোপাথাড়ি মারধর করেন। পাশাপাশি অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করে পদদলিত করেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে লেবু মিয়া, বেলাল মিয়া, আব্দুল লতিফ, কবেল মিয়া, মো. ফারুক, রানা মিয়া, তামিম মিয়া, মোজাম্মেল হক ও হাসিবসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
থানায় অভিযোগকারী মইনুল ইসলাম বলেন, ‘পার্টি অফিসে বৈঠক চলাকালে হঠাৎ সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। আমাদের মারধর করা হয়েছে। অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। মঙ্গলবার (১০ মার্চ) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ার আল শামীম/এসআর/এএসএম