দেশজুড়ে

ঝুট ব্যবসা নিয়ে শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

গাজীপুরে ঝুট ব্যবসা ও লেবার সাপ্লাইকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে শ্রীপুরে নেসলে কারখানার সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আবির, ফারুক, মিরাজ মনির হোসেন ও রনি।

গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘ সময় ধরে কারখানার ঝুট ব্যবসা করছি। সকালে মালামাল বের করার জন্য শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে সদর উপজেলা সেচ্ছ্বাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া ও শ্রীপুর উপজেলা যুবদলের বহিস্কৃত নেতা সজিব খানের নেতৃত্বে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এসময় আমার চারজন শ্রমিক গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বিএনপির নেতা নছ মিয়া আমাদের লোকজন তাড়িয়ে ব্যবসা দখলে নিতে চায়।

তবে অভিযুক্ত ইউনুস আলী নছ মিয়া জাগো নিউজকে বলেন, এ ঘটনায় আমি জড়িত নই। আমার কোনো লোকজন সেখানে মারামারি করার জন্য যায়নি।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) নাছির আহমদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম