খেলাধুলা

বলের আঘাতে মাঠ ছাড়া জিম্বাবুয়ের ক্রিকেটারের সিরিজ শেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাথায় বলের আঘাতে মাঠ ছাড়েন জিম্বাবুয়ের নারী দলের ওপেনার কেলিস এনধলভু। এবার জানা গেল, দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলা হচ্ছে না সেই ব্যাটারের। .

মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে তার না খেলার খবরটি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

বিবৃতিতে জানানো হয়, আঘাত পাওয়ার পর এনধলভু কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং পরে তার কনকাশন ধরা পড়ে। তবে এতে গুরুতর কোনো জটিলতা দেখা যায়নি। বর্তমানে তিনি মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন।

জিম্বাবুয়ের ক্রিকেট বিবৃতিতে বিস্তারিত বলেছে,‘পরবর্তীতে এমআরআই স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে যে তার মাথার খুলিতে কোনো ভাঙন নেই। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ সকালে তিনি ফের ফলো-আপ পরীক্ষা করতে যান। কোনো জটিলতা পাওয়া যায়নি।’

ম্যাচের সপ্তম ওভারে কিউই পেসার ব্রি ইলিংয়ের শর্ট বল এড়াতে ঝুঁকেও গিয়েছিলেন। মাথায় হেলমেট থাকার পরও বলের আঘাতে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তার কনকাশন বদলি হিসেবে নেমে তেনদাই মাকুশা করেন ১৮ বলে ১২ রান।

ম্যাচটিতে নিউজিল্যান্ড ৮ উইকেটে জয় পায়। দলের হয়ে দারুণ বোলিং করেন আমেলিয়া কের। একাই ৭ উইকেট শিকার করে দলকে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। আগামীকাল ভোর ৪টায় ডানেডিনে শুরু হবে নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে

আইএন