লাইফস্টাইল

বাসায় পানির পাইপে লিকেজ হলে যেভাবে বুঝবেন

বাসাবাড়িতে পানির পাইপ সাধারণত দেয়ালের ভেতর বা মেঝের নিচ দিয়ে বসানো থাকে। ফলে কোথাও লিকেজ হলে অনেক সময় তা সহজে চোখে পড়ে না। কিন্তু এই ছোট সমস্যা ধীরে ধীরে বেড়ে ক্ষতির কারণ হতে পারে।

এতে পানির অপচয় তো হয়ই, পাশাপাশি দেয়াল স্যাঁতসেঁতে হয়ে নষ্ট হতে পারে, এমনকি বাড়তে পারে পানির বিলও। তাই বাসার পানির পাইপে কোথাও লিকেজ হয়েছে কি না, তা আগে থেকেই বুঝতে পারা জরুরি। কয়েকটি লক্ষণ খেয়াল করলেই সহজে এই সমস্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আজ (১১ মার্চ) বিশ্ব পাম্বিং দিবসে চলুন জেনে নেওয়া যাক লক্ষণগুলো -

১. হঠাৎ পানির বিল বেড়ে যাওয়া

যদি দৈনন্দিন পানির ব্যবহার একই থাকলেও বিল হঠাৎ বেশি আসতে শুরু করে, তাহলে তা পাইপে লিকেজের ইঙ্গিত হতে পারে। অনেক সময় দেয়ালের ভেতরে বা মাটির নিচে ধীরে ধীরে পানি বের হতে থাকে, যা চোখে দেখা না গেলেও বিল বাড়িয়ে দেয়।

২. দেয়াল বা ছাদে স্যাঁতসেঁতে দাগ দেখা দেওয়া

দেয়ালের রং ফুলে ওঠা, স্যাঁতসেঁতে দাগ বা ছত্রাকের মতো দাগ দেখা দিলে সতর্ক হওয়া দরকার। বিশেষ করে বাথরুম বা রান্নাঘরের পাশের দেয়ালে এমন দাগ হলে পাইপে লিকেজ থাকার সম্ভাবনা বেশি থাকে।

৩. পানির চাপ কমে যাওয়া

হঠাৎ যদি কলের পানির চাপ কমে যায় এবং অন্য কোথাও পানি ব্যবহার না করা সত্ত্বেও এমন সমস্যা হয়, তাহলে পাইপে কোথাও লিকেজ থাকতে পারে। কারণ পাইপ থেকে পানি বের হয়ে গেলে লাইনের চাপ কমে যায়।

৪. মেঝে বা দেয়াল থেকে অস্বাভাবিক শব্দ শোনা

কখনও কখনও দেয়ালের ভেতর দিয়ে পানি পড়ার শব্দ বা হালকা ফোঁটা ফোঁটা শব্দ শোনা যায়। বিশেষ করে গভীর রাতে চারপাশ শান্ত থাকলে এই শব্দগুলো বেশি বোঝা যায়। অতিপ্রাকৃতের ভয় পাবেন না, এটিও লুকানো লিকেজের লক্ষণ হতে পারে।

৫. মেঝে সবসময় ভেজা থাকা

রান্নাঘর, বাথরুম বা ওয়াশিং এরিয়ার কোনো অংশ যদি সবসময় ভেজা থাকে, অথচ সেখানে পানি পড়ার কোনো দৃশ্যমান কারণ নেই - তাহলে পাইপ লাইনে সমস্যা থাকতে পারে।

৬. পানির মিটার বন্ধ না থাকা

সব কল বন্ধ করার পরও যদি পানির মিটার ঘুরতে থাকে, তাহলে বুঝতে হবে লাইনের কোথাও পানি বের হচ্ছে। এটি পাইপে লিকেজ শনাক্ত করার একটি সহজ উপায়।

কি করবেন?

এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে প্লাম্বারের বা কলের মিস্ত্রির সাহায্য নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কারণ লিকেজ যত দ্রুত মেরামত করা যায়, ততই ক্ষতি কম হয়। প্রয়োজনে নিয়মিত পাইপলাইন পরীক্ষা করানোও বাসাবাড়ির রক্ষণাবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সূত্র: পরিবেশ অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) ওয়াটার কনজারভেশন গাইডলাইন

এএমপি/এএসএম