রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ মার্চ) বিকেলে তিনি নিজের ফেসবুকে পোস্টে দল ছাড়ার ঘোষণা দেন।
এর আগে গত ৫ মার্চ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা ও ৯ মার্চ জুরাছড়ি উপজেলা আহ্বায়ক কমিটির ৮৪ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন।
এনসিপি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘দীর্ঘদিন ধরে দলকে শক্তিশালী করা, নতুন রাজনৈতিক ধারা গড়ে তোলা এবং পার্বত্য অঞ্চলের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, সাংগঠনিক পর্যায়ে ধারাবাহিক অসহযোগিতা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে প্রয়োজনীয় সমন্বয় ও সক্রিয়তার ঘাটতি এবং কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতার প্ররোচনায় দলের ভেতরে সমান্তরালভাবে বিভিন্ন দল-উপদল গড়ে উঠছে। এ কারণে দলীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে গভীরভাবে চিন্তাভাবনা করে আজ ১১ মার্চ থেকে দলীয় সব কার্যক্রম এবং আমার উপর অর্পিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
বিপিন জ্যোতি চাকমা ফেসবুক পোস্টে আরও উল্লেখ করেন, ‘খুব শিগগির কেন্দ্রীয় কমিটির নিকট আমার আনুষ্ঠানিক পদত্যাগপত্র প্রেরণ করবো। আমি বিশ্বাস করি তবে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে। জাতীয় নাগরিক পার্টির প্রতি আমার আন্তরিক শুভকামনা ও নৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তবে পদত্যাগের ঘোষণার বিষয়ে জানতে বিপিন জ্যোতি চাকমার মোবাইল ফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব এম শোয়াইব জাগো নিউজকে বলেন, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং আমাদেরকে মেসেজ দিয়েছেন, তবে এখনো পদত্যাগপত্র কেন্দ্রে পাঠাননি। আমরা বিষয়টি কেন্দ্রের দায়িত্বশীলদের অবগত করেছি। তিনি পদত্যাগপত্র পাঠালে কেন্দ্রীয় কমিটি আলোচনাসাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
গত কয়েকদিনে কেন এনসিপি ছেড়ে যাচ্ছেন রাঙ্গামাটির নেতাকর্মীরা এমন প্রশ্নে এম শোয়াইব বলেন, আমরা মনে করি কিছু সুবিধাপন্থি দলের সঙ্গে যুক্ত ছিল। কারো জন্য দলের কার্যক্রম থেমে থাকবে না। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে জনগণ বড়। যারা মনে করছেন দলের সঙ্গে থেকে কোনো সুবিধা আদায় করতে পারছেন না, তারাই দল ছেড়ে যাচ্ছেন।
এনসিপি পার্বত্য অঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জাগো নিউজকে বলেন, বিপিন দার (বিপিন জ্যোতি চাকমা) বিষয়টি এমন যে তিনি রাঙ্গামাটির প্রধান সমন্বয়ক থাকা অবস্থায় একবার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরে আর পদত্যাগ করেননি এবং আহ্বায়ক কমিটিতে তাকে আহ্বায়ক করা হয়েছে। এখন আবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন শুনেছি। তিনি কি রাজনৈতিক বা আঞ্চলিক কোনো প্রেসারে আছেন কি না আমরা ঠিক ক্লিয়ার না। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলে দেখবো এরপর সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরমান খান/এনএইচআর/এমএস