উত্তর ও মধ্য আমেরিকার ক্লাব প্রতিযোগিতা, কনকাকাফ গোল্ড কাপের শেষ ষোলোর প্রথম লেগে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিয়ামি। ন্যাশভিলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা শক্ত প্রতিরোধ গড়ে তুললে কোনো দলই গোলের দেখা পায়নি।
এই ফলের ফলে ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখনও ৯০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এক ধাপ দূরেই রয়ে গেলেন। গত শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে নিজের ৮৯৯তম গোল করেছিলেন তিনি।
মেসি এই ম্যাচে গোল করলে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯০০ গোল করা ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হতেন। প্রথমজন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই ম্যাচে গোল না পাওয়ায় সেই মাইলফলকের অপেক্ষা আরও কিছুটা বাড়ল।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেসি; কিন্তু তার শটটি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে।
ম্যাচটির আগে ন্যাশভিলের বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন মেসি। ২০২৪ সালের ২০ এপ্রিল থেকে শুরু হওয়া সেই ধারায় তিনি করেছিলেন ১২ গোল এবং পাঁচটি অ্যাসিস্টও। সবাই এ কারণে ধরে নিয়েছিল, তাহলে এই ম্যাচেই মাইলফলকে পৌঁছাবেন তিনি। কিন্তু মেসি এই ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্ট- কিছুই করতে পারেননি। চার ম্যাচের মধ্যে এটি দ্বিতীয়বার যখন তিনি স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ হলেন। এর আগে ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচেও গোল পাননি।
এই ম্যাচে পোস্ট লক্ষ্যে মেসির মাত্র একটি শট ছিল। গত বছরের ২৯ নভেম্বরের পর কোনো ম্যাচে এটি ছিল তার সবচেয়ে কম শট। সেই ম্যাচটি ছিল লিগ কাপের পূর্বাঞ্চলীয় চূড়ান্ত পর্বে নিউইয়র্ক সিটির বিপক্ষে। সেখানে যদিও তিনি গোল করতে পারেননি, তবে একটি অ্যাসিস্ট করেছিলেন এবং মিয়ামি ৫-১ গোলে জয় পেয়েছিল।
পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল মিয়ামি। তারা ম্যাচের ৫৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। তবে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ন্যাশভিলে। তারা মোট ১৫টি শট নেয়, যেখানে মিয়ামি নেয় আটটি। এর মধ্যে চারটি শট ছিল লক্ষ্যে।
ম্যাচ শেষে মিয়ামির কোচ হ্যাভিয়ের মাচেরানো বলেন, ‘দল ভালো খেলেছে, বিশেষ করে রক্ষণভাগের সংগঠন ভালো ছিল। এতে ন্যাশভিলেকে স্বাচ্ছন্দ্যে খেলতে দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘এখানে খেলাটা কখনোই সহজ নয়। আমরা আগে থেকেই সেটা জানতাম। এখন আমরা আগামী বুধবার নিজেদের সমর্থকদের সামনে দ্বিতীয় লেগের অপেক্ষায় আছি, যাতে ম্যাচটি শেষ করে কোয়ার্টার ফাইনালে উঠতে পারি।’
ম্যাচে ন্যাশভিলের সেরা সুযোগটি আসে ৬৫তম মিনিটে। ক্রিশ্চিয়ান এসপিনোসার কর্নার থেকে বলটি বক্সে পৌঁছায় রিড বেকার-হুইটিংয়ের কাছে। তবে তার হেডটি অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
ম্যাচের সপ্তম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন মিয়ামির ডিফেন্ডার মাক্সিমিলিয়ানো ফালকোন। তার জায়গায় নামানো হয় গনসালো লুহানকে।
ফালকোনের চোট নিয়ে মাচেরানো বলেন, ‘মাক্সির ব্যাপারে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি একেবারেই সাম্প্রতিক। পরীক্ষা করাতে হবে। আশা করি চোটটি খুব গুরুতর নয়। সে শক্তিশালী খেলোয়াড়, কিন্তু মাঠ ছাড়তে হওয়া মানে অবশ্যই কোনো সমস্যা আছে।’
এই দুই দলের দ্বৈরথের বিজয়ীরা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আমেরিকার ক্লাব আমেরিকা অথবা ফিলাডেলফিয়ার দলের বিপক্ষে। বুধবার ফিলাডেলফিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচে ক্লাব আমেরিকা ১-০ গোলে জয় পেয়েছে। ফিরতি ম্যাচটি আগামী ১৮ মার্চ মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে।
আইএইচএস/