সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে সিনেমা ও সিনেমা দেখার মাধ্যম। প্রযুক্তির উন্নয়নের কারণে অনলাইন বুকিং ও মাল্টিপ্লেক্সের জনপ্রিয়তা বেড়েছে, কিন্তু বড় পর্দার অভিজ্ঞতা দর্শকের কাছে এখনও অপরিহার্য। দেশে সিনেমা হলের সংস্কৃতিতেও নতুন দিগন্ত খুলেছে।
এবার নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স। ঈদুল ফিতরের দিনে নতুন শাখার উদ্বোধন হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন শাখা নারায়ণগঞ্জের জালকুঁড়ি, সীমান্ত টাওয়ারে স্থাপিত হয়েছে। এখানে ৩টি হল রয়েছে, যার মধ্যে ২টি হলে ১৭৮টি আসন এবং ১টি হলে ৭৫টি আসন।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘নারায়ণগঞ্জবাসীর জন্য এটি আমাদের ঈদ উপহার। দর্শকদের অনেকদিনের চাহিদা পূরণ হচ্ছে। উন্নত মানের স্ক্রিন, সাউন্ড সিস্টেম এবং নান্দনিক পরিবেশ সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে। আমরা ক্রমান্বয়ে নতুন শাখা চালুর পরিকল্পনা করছি।’
তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য শুধু ভালো সিনেমা নয়, ভালো সিনেমা হলও প্রয়োজন। দর্শক নিরাপদ ও আরামদায়ক পরিবেশ চান। বড় শহরের পর জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্স পৌঁছে দেওয়া হবে।’
দেশজুড়ে স্টার সিনেপ্লেক্সের এই সম্প্রসারণ চলচ্চিত্রপ্রেমীদের জন্য নতুন আনন্দ ও মানসম্পন্ন সিনেমা অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এলআইএ