ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটার এবং দুইজন কর্মকর্তাকে সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০২৩-২৪ মৌসুমে ক্যারিবিয়ান বিম১০ টুর্নামেন্টে দুইজন টিম কর্মকর্তা ও একজন খেলোয়াড়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতিবিরোধী আইনের লঙ্ঘনের অভিযোগ এসেছে।
অভিযুক্তরা হলেন টাইটানস ফ্র্যাঞ্চাইজির মালিক চিত্রাঞ্জন রাঠোড়, কর্মকর্তা ট্রেভন গ্রিফিথ এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জাভন সিয়ারলস।
আইসিসি জানিয়েছে, অভিযোগগুলো মূলত ২০২৩-২৪ বিম১০ টুর্নামেন্টকে ঘিরে, যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অ্যান্টি-করাপশন কোডের আওতায় পড়ে। এছাড়া গ্রিফিথের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ সম্পর্কিত একটি অতিরিক্ত অভিযোগও রয়েছে, যা আইসিসির অ্যান্টি-করাপশন কোডের আওতায়।
চিত্রাঞ্জন রাঠোড়ের বিরুদ্ধে সিডব্লিউআই কোড অনুযায়ী তিনটি অভিযোগ আনা হয়েছে। জাভন সিয়ারলসের বিরুদ্ধে চারটি এবং ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধে সিডব্লিউআই কোডে চারটি ও আইসিসি কোডে একটি অভিযোগ রয়েছে।
তিনজনের বিরুদ্ধেই বিম১০ টুর্নামেন্টের ম্যাচের ফলাফল, অগ্রগতি বা ম্যাচ পরিচালনা প্রভাবিত করার চেষ্টা কিংবা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। এছাড়া অন্য খেলোয়াড় বা সাপোর্ট স্টাফদের দুর্নীতিবিরোধী নিয়ম ভাঙতে উৎসাহিত করা এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে।
সিয়ারলস ও গ্রিফিথের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তারা কোনো দুর্নীতিমূলক প্রস্তাব বা যোগাযোগের বিষয়টি কর্তৃপক্ষকে জানাননি।
অন্যদিকে গ্রিফিথের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের তদন্তে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি তদন্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা বিকৃত করার চেষ্টা করেছেন।
আইসিসি জানিয়েছে, তদন্ত চলাকালীন তিনজনকেই অবিলম্বে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৬ সালের ১১ মার্চ থেকে শুরু করে অভিযোগের জবাব দিতে তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে।
আইসিসি জানিয়েছে, শৃঙ্খলাবিষয়ক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।
এমএমআর