জাতীয়

ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ২৯ হাজার সদস্য ও কর্মচারী

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের ভাতাভোগী সদস্য ও কর্মচারীদের জন্য ঈদ উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে। সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর খিলগাঁওস্থ বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এই উদ্যোগের আওতায় দেশের ৬৪ জেলার ভাতাভোগী সদস্য-সদস্যা এবং চতুর্থ শ্রেণির কর্মচারীসহ মোট ২৯ হাজার ৩৭ জনের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

উপহারের প্যাকেটে ছিল—পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়ো দুধ, নুডলস এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা। পবিত্র ঈদকে সামনে রেখে সদস্য ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির আবহ সৃষ্টি করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাহিনীর উপকারভোগী এক নারী সদস্যের হাতে তুলে দেওয়া হচ্ছে ঈদের উপহারসামগ্রী/ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দেশের সর্ববৃহৎ এই শৃঙ্খলা ও গণপ্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি বলেন, দেশের গ্রামীণ সমাজকে শক্তিশালী করার লক্ষ্যে ১৯৭৬ সালে বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) প্রতিষ্ঠিত হয়। প্রত্যন্ত অঞ্চলে সামাজিক নিরাপত্তা জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে ভিডিপি সদস্যরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের জীবন ও জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ঘটলে তা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে এবং সামগ্রিক সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, উপ-মহাপরিচালকসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা।

টিটি/এমএমকে