দেশজুড়ে

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

‎ঝিনাইদহের শৈলকূপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের অসহায় দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে কার্ড চান যুবদল নেতা শামীম হোসেন লস্কর। এক পর্যায়ে দু’জনের মদ্যে বাগবিতণ্ডা হয়।

এ নিয়ে একই দিন সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মী ও মাতব্বররা সালিশে বসে। বৈঠক চলাকালে বিএনপি নেতা সায়েম আলী ও যুবদল নেতা শামীম হোসেনের সমর্থকর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে রাতে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় উভয়পক্ষের লোকজন। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।‎‎এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংর্ঘষ ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।‎‎এম শাহাজান/আরএইচ/জেআইএম