প্রবাস

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি

মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত দিগুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে সেহরির আগে রান্না করা খাবার গরম করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন- মো. তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, মো. সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার।

বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন এবং স্থানীয় প্রবাসী মোহাম্মদ সাগর প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন- মো. জামাল উদ্দিন ও মো. সাদ্দাম হোসেন। আহতদের রাজধানী মালেতে অবস্থিত আইজিএমএইচ (IGMH) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে। হাইকমিশন জানিয়েছে, ঘটনাটি সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে এবং নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

এএমএ