রাজনীতি

১৭ বছর ধরে দেশীয় সংস্কৃতির ওপর আগ্রাসন চলছে: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ১৭ বছর ধরে দেশীয় সংস্কৃতির ওপর আগ্রাসন চলছে। সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী চেতনাকে শানিত করতে জাসাসকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ফের গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে কালো থাবা বিস্তার করতে পারে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরের জেলা পরিষদ ভবনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহানগর জাসাস এই দোয়া মাহফিলের আয়োজন করে।

মীর হেলাল বলেন, গত ১৭ বছরে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে দেশীয় সংস্কৃতির ওপর আগ্রাসন চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশীয় সংস্কৃতির বিকাশ এবং সার্বভৌমত্ব রক্ষার মহৎ উদ্দেশ্যে জাসাস গঠন করেছিলেন। সেই লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সংগঠনটিকে আরও সুসংগঠিত করতে হবে। তা না হলে দেশীয় সংস্কৃতি হুমকির মুখে পড়বে।

মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুসা বাবলুর সভাপতিত্বে ও সদস্যসচিব মামুনুর রশীদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, লায়ন হেলাল উদ্দীন ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি এম রাজ্জাক, দক্ষিণ জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌস্ত মোহাম্মদ, সংগীত পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, কণ্ঠশিল্পী সৈয়দ জিয়া উদ্দীন, মহিউদ্দিন মহিন, ফজলুল হক মাসুদ, নজরুল ইসলাম তুহিন, মহিউদ্দীন জুয়েল, এস এম তারেক, মোহাম্মদ সালাউদ্দীন, এস বি সুমি, নাহিদ আলম, নাহিদা আক্তার নাজু, কবি জাহিদ কায়সার ও গোলাম কিবরিয়া শরীফসহ অনেকে।

এমআরএএইচ/এমআরএম