খেলাধুলা

দিল্লির ডাগআউটে থাকছেন না পিটারসেন

দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের উনিশতম আসর। সেই মৌসুমের আগে এক বড় সিদ্ধান্ত নিয়েছেন কেভিন পিটারেসেন। আসন্ন আসরে তিনি থাকছেন না দিল্লি ক্যাপিটালসের মেন্টর পদে।

শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে পিটারসেন লিখেছেন, ‘এই দায়িত্ব পালনের জন্য যে সময় দিতে হয়, তা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। নতুন মৌসুমে সব খেলোয়াড়ের জন্য শুভকামনা রইল। তবে আমাকে আবার কমেন্ট্রি বক্সেই দেখা যাবে। আইপিএল বিশ্বের সেরা লিগ, খুব শিগগিরই আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’

৪৫ বছর বয়সী পিটারসেন গত মৌসুমে হেমাং বাদানির নেতৃত্বাধীন কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন। তবে সেই আসরে দলটি পয়েন্ট টেবিলে পঞ্চম হয়ে প্লে-অফে জায়গা করে নিতে পারেনি।

খেলোয়াড় হিসেবে আইপিএলে ৩৬ ম্যাচ খেলেছেন পিটারসেন। তিন দলের হয়ে মাঠ মাতিয়ে সবমিলিয়ে করেছেন ১০০১ রান। খেলেছেন বেঙ্গালুরু, দিল্লি ও পুনেতে।

উল্লেখ, ২০২৬ আইপিএল মৌসুমে দিল্লি ক্যাপিটালস তাদের অভিযান শুরু করবে আগামী ১ এপ্রিল। সেদিন একানা স্টেডিয়ামে দিল্লির প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস।

আইএন