বাংলাদেশ ফুটবল লিগে সমানতালে এগিয়ে চলছিল বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। ১০ রাউন্ড শেষে দুই দলের পয়েন্ট ছিল ২১ করে।
শনিবার একাদশ রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুই দল। কিংস অ্যারেনায় হওয়া তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ফর্টিসকে ৩-২ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। দুই দলের প্রথম রাউন্ডের সাক্ষাতে কিংস জিতেছিল ২-১ গোলে।
বসুন্ধরা কিংসের গুরুত্বপূর্ণ এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ডরিয়েলটন। প্রথম পর্বে ফর্টিসের বিপক্ষে জয়েও গোল ছিল এই ব্রাজিলিয়ানের। ফর্টিসের গোল করেছেন নাইজেরিয়ান ওকাফর ও নেপালের অনন্ত তামাং।
কিংস ২৪ পয়েন্ট নিয়ে টেবিলে একভাবে শীর্ষে। ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেলো ফর্টিস। দিনের অন্য ম্যাচে আবাহনী ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। আবাহনীর জোড়া গোল করেছেন নাইজেরিয়ান এমেকা ওগবগ। ব্রাদার্সের গোলদাতা পাকিস্তানের শায়াখ দোস্ত।
১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আবাহনী এবং ১০ পয়েন্ট নিয়ে সাতে ব্রাদার্স।
আরআই/এমএমআর