দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতিকে ঘিরে পরকীয়া বিতর্ক থামছেই না। অভিনেত্রী তৃষা কৃষ্ণাণের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জনের মধ্যেই পারিবারিক অঙ্গনেও দেখা দিয়েছে নতুন আলোচনা।
বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তার স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গম। এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে আনফলো করেছেন তাদের ছেলে জ্যাসন সঞ্জয়।
শুধু তাই নয়, নিজের নামের পাশ থেকেও বাবার নামের আদ্যাক্ষর সরিয়ে ফেলেছেন সঞ্জয়। এতদিন তিনি নিজের নাম লিখতেন ‘ভি জ্যাসন সঞ্জয়’ হিসেবে। তবে সাম্প্রতিক বিতর্কের পর সেই ‘ভি’ আর ব্যবহার করছেন না। বিষয়টি নেটিজেনদের নজর এড়ায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
উল্লেখ্য, তামিল চলচ্চিত্র অঙ্গনে তারকা সন্তানদের নামের আগে বাবার নামের আদ্যাক্ষর ব্যবহার করার একটি প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনেই নিজের নাম ব্যবহার করতেন জ্যাসন সঞ্জয়। তবে এখন সেই আদ্যাক্ষর বাদ দেওয়ায় অনেকেই পারিবারিক দূরত্বের ইঙ্গিত দেখছেন।
এদিকে গুঞ্জন উঠেছে, বাবার নামের আদ্যাক্ষর বাদ দেওয়ার পর তিনি নাকি এবার নিজের নামের আগে মায়ের নামের আদ্যাক্ষর যোগ করতে পারেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সঞ্জয় বা সংগীতা।
গত কয়েকদিন ধরেই বিজয় ও সংগীতার বিচ্ছেদ নিয়ে আলোচনা চলছে। আদালত এরই মধ্যে বিজয়কে আগামী ২০ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
সংগীতা সোর্নালিঙ্গম অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত বিজয়। তার দাবি, ২০২১ সালেই তিনি বিষয়টি জানতে পারেন। এরপর একাধিকবার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও তা রাখেননি বিজয়।
আরও পড়ুন:মধ্য পৃথিবীতে পা রাখতে যাচ্ছেন টাইটানিকের নায়িকা এক জীবনে একবার পাওয়া যায় এমন চরিত্রে মাহিরা খান, দিলেন বড় চমক
অন্যদিকে এই বিতর্কে তৃষা কৃষ্ণাণ এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি নারী দিবসের এক অনুষ্ঠানে বিজয় বলেন, “অযথা মাথা ঘামাবেন না। যা রটছে, রটতে দিন।” তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।
এমএমএফ