ফরিদপুরের নগরকান্দায় বিয়ের মেহেদির রং শুকানোর আগেই স্বপ্না আক্তার (২১) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নববধূ স্বপ্না আক্তার পার্শ্ববর্তী সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রামের হান্নান মোল্লার মেয়ে। গত ২৪ দিন আগে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগারী গ্রামের শওকত মাতুব্বরের ছেলে খায়ের মাতুব্বরের (২৫) সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় স্বপ্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে নগরকান্দা থানা পুলিশ স্বামীর বাড়ির ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
স্বপ্নার মা হালিমা বেগম বলেন, মেয়েকে ওরা হত্যা করেছে। গতকাল রাতেও জামাইয়ের ফোনে অনেকবার কল করছি কিন্তু রিসিভ করেনি। আজ সকালে খবর পাই মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে।
স্বপ্না আক্তারের বাবা হান্নান মোল্লা বলেন, মেয়েকে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার কথা বলছে। আমি এ হত্যার বিচার চাই।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এন কে বি নয়ন/এএইচ/এমএস