দেশজুড়ে

দরিদ্র জনগোষ্ঠীর ১৪ বস্তা চাল পাওয়া গেলো দোকান ও বসতঘরে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি সিলমোহরযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে জয়পুর গ্রামের ইছহাক মিয়ার ছেলে জুবায়েরের বসতঘর ও দোকানে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের পরিমাণ ৪২০ কেজি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, জব্দ করা চাল উপজেলা পরিষদে রাখা হয়েছে। আগামী সোমবার এসব চাল গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।

তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের বরাদ্দ করা চাল অবৈধভাবে মজুত বা বিক্রির চেষ্টা করা দণ্ডনীয় অপরাধ। এমন অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান চলমান থাকবে।

কামরুজ্জামান মিন্টু/বিএ