জাতীয়

সাভার ও কুমিল্লা সেনানিবাস সফর করলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাভার এবং কুমিল্লা সেনানিবাসে সংক্ষিপ্ত সফর করেছেন। রোববার (১৫ মার্চ) তিনি এ সফর করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান প্রথমে সাভার সেনানিবাস সংলগ্ন আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০ শয্যাবিশিষ্ট এ প্রতিষ্ঠানে স্নায়ুরোগ ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিযানিক দায়িত্বে ও বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রচলিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপির পাশাপাশি আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরবর্তীতে, সেনাপ্রধান কুমিল্লা সেনানিবাসের কাছে অবস্থিত আর্মি মেডিকেল কলেজর নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন এবং ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গত ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের নিজস্ব জায়গায় কুমিল্লা এরিয়া সদর দপ্তরের দেওয়া পাঁচ একর জমির ওপর কুমিল্লা আর্মি মেডিকেল কলেজর একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেনাপ্রধানের উদ্বোধনের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসের কাছে ৭.৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলো।

বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন এবং প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী সাফল্যের সঙ্গে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ-বিদেশে কর্মরত রয়েছেন।

এছাড়াও, আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিধি আন্তর্জাতিক অঙ্গনে আরও সম্প্রসারিত করবে বলে জানায় আইএসপিআর।

টিটি/এমকেআর