চট্টগ্রামের বাঁশখালীতে দোকানে চুরির অভিযোগে এক নারীকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে হেনস্তার ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) বিকেলে বাঁশখালীর গুনাগরী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা তৈরি হয়।
ভিডিওটিতে দেখা যায়, এক নারীকে বাঁশের খুঁটিতে দড়ি দিয়ে দুই হাত বেঁধে রাখা হয়েছে। এ সময় তাকে ঘিরে ধরে ভিডিও ধারণ করছেন কয়েকজন। গুনাগরীর সন্নিকটে বাঁশখালী থানার রামদাশহাট পুলিশ তদন্তকেন্দ্র থাকলেও ঘটনার বিষয়ে তারা কিছু্ জানেন না বলে দাবি করেন।
এ ঘটনায় সমালোচকরা বলছেন- চুরির অভিযোগ থাকলে তাকে থানায় সোপর্দ করা যেতো। একজন নারীকে এভাবে হেনস্তার নিন্দা জানান সমালোচকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুনাগরী মা ও শিশু হাসপাতালের সামনের একটি দোকানে চুরির অভিযোগে ওই নারীকে আটক করা হয়। এরপর খুঁটিতে বেঁধে তাকে জেরা করেন কয়েকজন। এ সময় আশপাশের উৎসুক মানুষ সেখানে জড়ো হয়ে ভিডিও ধারণ করেন। আধা ঘণ্টার বেশি সময় বেঁধে রাখার পর ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ওই নারী এর আগেও স্থানীয় দোকানে চুরির সময় ধরা পড়েছিল।
রামদাশহাট পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, চুরির অপবাদ দিয়ে ভিডিও ধারণের এমন কোনো অভিযোগ আমরা পাইনি। ভুক্তভোগী অভিযোগ নিয়ে এলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমডিআইএইচ/এএমএ