বিনোদন

অস্কারে যে পুরস্কার জিতলো নতুন ‘অ্যাভাটার’

‘অ্যাভাটার’ মানেই উন্মাদনা, বক্স অফিস হিট। পুরস্কারের মঞ্চে একাধিক সাফল্য। এই সিরিজের প্রতিটি সিনেমার প্রোফাইলই এমন। তবে নতুন কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’র বেলায় চিত্রটা ভিন্ন। ছবিটি বক্স অফিসে ভালো আয় করলেও সমালোচকদের মন খুব একটা জয় করতে পারেনি।

আর তার প্রভাব দেখা যাচ্ছে নানা রকম পুরস্কার প্রাপ্তিতে। সর্বশেষ অস্কারের মঞ্চেও সগৌরবে নিজেকে মেলে ধরতে পারেনি জেমস ক্যামেরনের এই সিনেমা।

এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে অস্কার জিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে জনপ্রিয় চলচ্চিত্র সিরিজটিকে। সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্টস টিমের সদস্য জো লেটেরি, রিচার্ড বেনেহ্যাম, এরিক সাইন্ডন এবং ড্যানিয়েল ব্যারেট এই সম্মাননা অর্জন করেন।

অস্কারের মঞ্চে এই পুরস্কার ঘোষণা করেন হলিউড অভিনেত্রী সিগর্নি উইভার এবং অভিনেতা পেদ্রো পাস্কাল। উল্লেখযোগ্য বিষয় হলো, সিগর্নি উইভার ‘অ্যাভাটার’ সিরিজের তিনটি সিনেমাতেই অভিনয় করেছেন।

এ বছর সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে মনোনীত সবগুলো চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিল বিখ্যাত ভিজ্যুয়াল ইফেক্টস প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক (আইএলএম)। বিশেষ করে এই প্রতিষ্ঠানের ভ্যাঙ্কুভার স্টুডিও থেকে উল্লেখযোগ্য পরিমাণ কাজ করা হয়েছে।

আইএলএম-এর ভিজ্যুয়াল ইফেক্টস প্রযোজক রেচেল রিড সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তাদের দল একসঙ্গে কয়েকটি বড় প্রকল্পে কাজ করেছে। এর মধ্যে রয়েছে অস্কারজয়ী ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’, পাশাপাশি ‘সিনার্স’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ সিনেমাও।

এছাড়া ভ্যাঙ্কুভার ফিল্ম স্কুল জানিয়েছে, এবারের অস্কারে সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে মনোনীত চলচ্চিত্রগুলোর পেছনে তাদের ১০০ জনেরও বেশি সাবেক শিক্ষার্থী কাজ করেছেন।

বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তি ও অসাধারণ সৃজনশীলতার সমন্বয়ে তৈরি ভিজ্যুয়াল ইফেক্টসই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটিকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। অস্কারের এই স্বীকৃতি সেই কাজেরই আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

 

এলআইএ