দেশজুড়ে

আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি গঠনে প্রয়োজন মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম। আমরা ট্যালেন্ট চাই, কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না।

তিনি বলেন, আমরা চাই এমন মেধাবী তরুণ, যারা চরিত্রবান হবে, তাদের অন্তরে থাকবে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা এবং সবার প্রতি শ্রদ্ধাবোধ।

সোমবার (১৬ মার্চ) বিকেলে টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যালামনাই ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রমজান মানুষকে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় এই মূল্যবোধগুলো বাস্তবায়িত হলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, সমাজে যত বেশি ঈমানদার ও মুত্তাকী মানুষের সংখ্যা বাড়বে, সমাজ তত বেশি সুস্থ ও সুন্দর হবে। আর যদি এই সংখ্যা কমে যায়, তাহলে সমাজ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসের পথে এগিয়ে যাবে।

আমিরে জামায়াত আরও বলেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছিল ঈমানদার, দেশপ্রেমিক ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন পূরণের পথে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজকের এই অ্যালামনাই সমাবেশ সেই অগ্রযাত্রারই একটি প্রমাণ।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার মাওলানা মিজানুর রহমান। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন চেয়ারম্যান, চ্যারিটি কেয়ার বাংলাদেশ ও তা’মীরুল মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডক্টর হাফিজুর রহমান।

মো. আমিনুল ইসলাম/এনএইচআর/জেআইএম