দেশজুড়ে

যুবদল নেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সুমন (৪১) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবদল নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সুমন ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের বড় বাজারে সবজির ব্যবসা করতেন। আহত দুলাল মিয়া (৫০) একই এলাকার বাসিন্দা ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন আগে জমি নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জেরে মঙ্গলবার দুপুরে সিরাজুলের ছেলে রুবেল মিয়া (৩২) দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালায়।

এসময় ব্যবসায়ী সুমন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুলাল মিয়াকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারী রুবেল ক্ষিপ্ত হয়ে তার বুকে ছুরিকাঘাত করে। এতে সুমন ও দুলাল মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত দুলাল মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত রুবেল মিয়াকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসকে রাসেল/এমএন/এমএস