রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু করেছে পুলিশ। স্বল্প খরচে দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল লাইট সহজে বহনযোগ্য হওয়ায় যে কোনো সড়কে দ্রুত স্থাপন করা যাচ্ছে।
প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ এই পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সড়কে শৃঙ্খলা রক্ষা এবং যানজট কমাতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থায়ী ট্রাফিক সিগন্যাল না থাকা বা অচল অবস্থায় থাকা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই পোর্টেবল সিগন্যাল লাইট কার্যকর সমাধান হিসেবে কাজ করবে। বিশেষ করে ব্যস্ত মোড় ও যানজটপ্রবণ এলাকায় দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এটি সহায়ক হবে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্ভাবনী উদ্যোগের অংশ হিসেবে এই প্রযুক্তি চালু করা হয়েছে।
তিনি বলেন, পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহারের ফলে সড়কে শৃঙ্খলা ফেরানো সহজ হবে এবং যানজট নিরসনে তা কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর এর কার্যকারিতা বিবেচনা করে পর্যায়ক্রমে আরও বিস্তৃতভাবে এ প্রযুক্তি প্রয়োগ করা হবে।
টিটি/এমকেআর