জাতীয়

ঈদের ছুটিতে ঢাকার বায়ুর মানের উন্নতি

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে ঈদ উপলক্ষে সরকারি ছুটি। বন্ধ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। ঈদের লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। ফলে ঢাকা শহরে অভ্যন্তরীণ যানবাহন চলাচল কম, ফাঁকা রাস্তা-ঘাট। এতে ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) ছুটির দিনে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় নম্বরে রয়েছে কিরগিস্তানের বিশকেক। আর রাজধানী ঢাকা রয়েছে ১১ নম্বরে।

সকাল ১০টা ৪১ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ভারতের দিল্লির দূষণ স্কোর ২২১ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ১৭৪ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বাতাসও।

১১ নম্বরে থাকা ঢাকার দূষণ স্কোর ৯৯ অর্থাৎ ঢাকার বায়ু মাঝারী বা ভালো মানের।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসএনআর/এমএস