চ্যাম্পিয়ন্স লিগে রূপকথার যাত্রা থামলো নরওয়ের পেশাদার ক্লাব বোদো/গ্লিমতের। গ্রুপপর্বে ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল দলটি।
এরপর প্লেঅফে দুই লেগে হারায় ইন্টার মিলানের মতো আরেক হেভিওয়েটকে। নকআউটে এসে প্রথম লেগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয় লেগে এসে বড় ধাক্কা খেয়ে ছিটকে পড়েছে বোদো/গ্লিমত।
পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে তিন গোলের ঘাটতি পুষিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। বোদো/গ্লিমতের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জয় পেয়ে তারা এই কীর্তি গড়ে, যা প্রতিযোগিতার ইতিহাসে মাত্র পঞ্চমবার ঘটলো।
প্রথম লেগে আর্কটিক অঞ্চলে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল স্পোর্টিং। তবে লিসবনের এস্তাদিও হোসে আলভালাদেতে মঙ্গলবার রাতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে তারা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ৫-০ গোলের জয়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় দলটি।
ম্যাচের ৩৪তম মিনিটে ডিফেন্ডার গনসালো ইনাসিও কর্নার থেকে হেডে গোল করে লড়াইয়ের সূচনা করেন। এরপর ৬১তম মিনিটে পেদ্রো গনসালভেস গোল করে ব্যবধান কমান, যেখানে অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করে দুই লেগের সমতা ফেরান গনসালভেস।
অতিরিক্ত সময়ে গিয়ে স্পোর্টিং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয়। সময়ের দুই মিনিটের মাথায় ম্যাক্সিমিলিয়ানো আরাহো গোল করে দলকে আরও এগিয়ে দেন। আর যোগ করা সময়ে রাফায়েল নেল পঞ্চম গোলটি করে জয় নিশ্চিত করেন।
এই জয়ের মাধ্যমে ১৯৮২-৮৩ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠলো স্পোর্টিং লিসবন।
এমএমআর