রাজধানীর উত্তরা স্কয়ার শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ১১ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ মার্চ) পুলিশের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। বুধবার (১৮ মার্চ) সকালে পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন মো. মনির আলম, POLIমো. মজিবর রহমান, মো. হৃদয়, মো. মঞ্জুরুল, মো. মহব্বত আলী, শাহ পরান, মো. শাকিল, মো. রশিদুল ইসলাম ওরফে রশিদ, মো. সাজু (২৪), মো. লিটন ও জিহাদ।
মামলার অভিযোগে বলা হয়, উত্তরা সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত উত্তরা স্কয়ার শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে এক রিকশাচালকের সঙ্গে দায়িত্বরত নিরাপত্তাকর্মীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই রিকশাচালক ও তার সঙ্গে থাকা আরও ১৫-২০ জন মিলে নিরাপত্তাকর্মী ও কমপ্লেক্সের কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর এবং গুরুতর আহত করে।
এ ঘটনার পর এলাকায় গুজব ছড়িয়ে পড়লে প্রায় ৬০০-৭০০ লোক লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে শপিং কমপ্লেক্সে হামলা চালায়। হামলাকারীরা কমপ্লেক্সের নিচতলা ও দোতলার কাচ ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
এ সময় তারা কমপ্লেক্সের ভেতরে থাকা ‘খাজানা ভ্যারাইটিজ স্টোর’ থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল এবং ‘কে জেড ইমিটেশন জুয়েলারি’ দোকান থেকে প্রায় ৫ লাখ টাকার গয়না লুট করে নিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. সুমন মিয়া গ্রেফতার আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এমডিএএ/জেএইচ