ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আলীরাজ। থিয়েটার দিয়ে অভিনয় শুরু করেছিলেন। এরপর নায়ক রাজ রাজ্জাকের সুনজরে পড়েন তিনি। তার হাত ধরেই পা রাখেন চলচ্চিত্রে। নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করে পেয়েছেন সাফল্য। বর্তমানে চরিত্র অভিনেতা হিসেবেই দেখা মেলে তার।
তবে খুব একটা নিয়মিত নন তিনি। মাঝেমধ্যে গল্প ও চরিত্র পছন্দ হলে অভিনয় করেন নাটক ও সিনেমায়। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন রোজার ঈদের নির্মিত ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করে।
এই ছবির ট্রেলার প্রকাশ হয়েছে এরইমধ্যে। সেখানে অল্প সময়ের উপস্থিতিতেও নজর কেড়েছেন ‘এই ঘর এই সংসার’খ্যাত এই অভিনেতা। ট্রেলারে দেখা যায় একটি চেয়ারে বসে আছেন তিনি। তার শরীরজুড়ে রক্ত। দুই পাশে দুটি গুলির চিহ্ন। জীবনের অন্তিম পর্যায়ে রয়েছেন তিনি।
তবে শেষ নিঃশ্বাস ফেলার আগেও নিজের হত্যাকারীর প্রতি মধ্যাঙ্গুলি নিজের ক্ষমতাবান, জেদি চরিত্রের স্বকীয়তা বজায় রেখেছেন তিনি। হেরে যাবার পাত্র তিনি নন সেই বার্তাই যেন দিতে চাইলেন। ছোট্ট সেই দৃশ্যটি নজর কেড়েছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় আলীরাজকে নিয়ে লিখছেন অনেকে, প্রশংসায়।
‘রাক্ষস’ সিনেমায় আলীরাজের চরিত্র সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তবে ধারণা করা হচ্ছে, তিনি এখানে কোনো ডন চরিত্রে অভিনয় করেছেন। নায়ক সিয়ামের হাতেই হয়তো তিনি খুন হন। ছোট উপস্থিতিতে দুর্দান্ত এক্সপ্রেশনে নিজের শক্তিশালী অভিনয়ের রোশনাই ছড়িয়েছেন আলীরাজ।
এই সিনেমা ও এতে তার চরিত্র নিয়ে আলাপকালে আলীরাজ বলেন, ‘চরিত্রের পরিচয় এখন দেবো না। তবে এটা বলছি যে চরিত্রটি ভালো লাগবে দর্শকের। এই সিনেমার প্রতিটি চরিত্রেরই আলাদা গুরুত্ব রয়েছে। আমি সিনেমাটির টিমের একজন হতে পেরে আনন্দিত।’
প্রযোজক শেহরিন সুমির রোমান্স ও অ্যাকশন ঘরানার সিনেমা ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় ভয়ংকর একটি চরিত্রে অভিনয় করেছেন নায়ক সিয়াম আহমেদ। এতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার মেয়ে সুষ্মিতা চ্যাটার্জি। এতে আলীরাজ ছাড়া দুই দেশের আরও একঝাঁক তারকা মুখের উপস্থিতি দেখা যাবে।
এলআইএ